হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার মধ্যেই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

Untitled design (83)

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবি করলেও সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হতে চলেছে। এদিকে, যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করে বলেছে যে, প্রণালীটিতে নৌচলাচল স্বাভাবিকভাবে চলছে। বিবিসি নিউজ।
সরাসরি আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ রবিবার (২১ জুন) ভোরে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে, গতকাল শনিবার রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটিতে পৌঁছান।
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই আলোচনায় অংশ নিচ্ছেন। চলমান সংকটে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং পূর্ববর্তী আলোচনার আয়োজন করেছিল। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি বাস্তবায়নে পাকিস্তান সহযোগিতা অব্যাহত রাখবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, পারমাণবিক ইস্যুতে অগ্রগতি এবং লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেবানন প্রসঙ্গে তিনি বলেন, সেখানকার আঞ্চলিক পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, কিন্তু পুরো অঞ্চলকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এর নিরন্তর ব্যবস্থাপনা প্রয়োজন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তারা আলোচনায় অপর পক্ষকে তাদের প্রতিশ্রুতি পূরণের দাবি জানাবে। এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য লেবাননসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা। আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের কারণে প্রকৃত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, লেবাননে সাম্প্রতিক হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ প্রসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহর ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং কয়েক ডজন সদস্যকে হত্যা করেছে। একই সাথে, তারা তাদের চারজন সৈন্য নিহত হওয়ার কথাও জানিয়েছে।
এদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি বিনিময় চলতে থাকায়, আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধ করার দাবি জানিয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র ১৪-দফা সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদটি বাস্তবায়ন না করে চুক্তি লঙ্ঘন করেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী লেবাননসহ সকল রণাঙ্গনে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার কথা ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে যে ইরান একা এই প্রণালী বন্ধ করতে সক্ষম নয় এবং সেখানে নৌ চলাচল এখনও অব্যাহত রয়েছে।

Description of image