আইন লঙ্ঘনে গ্রিন ডেল্টার মেরিন কার্গো বিমা ব্যবসা ৩ মাসের জন্য স্থগিত
নির্ধারিত মেরিন ট্যারিফের চেয়ে কম প্রিমিয়ামে বিমা পলিসি ইস্যু করার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইডিআরএ’র রেটিং শাখার পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আইডিআরএ’র চিঠিতে বলা হয়েছে, গত ২ নভেম্বর কর্তৃপক্ষের পরিদর্শক দল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শন করে। এ সময় দেখা যায়, ২০২৬ সালে মেরিন বিমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেটের তুলনায় উল্লেখযোগ্য হারে কম প্রিমিয়াম নেওয়া হয়েছে। বিভিন্ন হারে প্রিমিয়াম কমিয়ে বিমা পলিসি ইস্যু করা হয়েছে, যা বিমা আইন, ২০১০ এর ৬০ ধারা এবং আইডিআরএ’র জারি করা সার্কুলার নন-লাইফ ৮৩/২০২১ এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় বিমা আইন, ২০১০ এর ১০(২) ধারা অনুযায়ী গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মেরিন (কার্গো) উপশ্রেণির বিমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
পাশাপাশি বিমা আইন, ২০১০ এর ১০(১) ধারা অনুযায়ী কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ট্যারিফ অনুসরণ না করে প্রিমিয়াম কমানোর মাধ্যমে বিমা পলিসি ইস্যু করা বিমা খাতের প্রচলিত আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার পরিপন্থি। এ কারণে কোম্পানিটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সাধারণ বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্যদের দপ্তরে পাঠানো হয়েছে।
