পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত
কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও হেলপার রতন (৩৫) নিহত হয়েছেন। আজ রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সেকেন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে খুলনা যাচ্ছিল। আজ সকালে কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে ট্রাকটিতে আগুন ধরে যায়।
পরে স্থানীয়দের খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়েছেন। ওসি সেকেন্দার আলী আরও জানান যে, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

