প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী: অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামের টিকা দেওয়া হয়নি, তদন্তের প্রয়োজন নেই
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়া হায়দার বলেছেন, অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামের টিকা দেওয়া হয়নি। এটা সত্য ও স্পষ্ট। বিষয়টি খুঁজে বের করতে আলাদা তদন্তের প্রয়োজন নেই। কীভাবে একে জবাবদিহিতার আওতায় আনা যায়, তা সরকার ভেবে দেখবে। ইউরোপ সফর শেষে আজ রবিবার (২১ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, আগামী ৩-৪ বছরে ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে দুজন করে ধাত্রী থাকবেন। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক ধাত্রী থাকবেন। বর্তমানে ৩ হাজারেরও কম ধাত্রী রয়েছেন। যা আছে, তাও যথেষ্ট নয়। এই সংখ্যা খুবই অপ্রতুল। তিনি আরও বলেন, এক বছরের মধ্যে এক-তৃতীয়াংশ ধাত্রী নিয়োগের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার কাজ চলছে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে চাই। স্বাস্থ্যকর্মীরা প্রতিরোধমূলক সেবা প্রদানের জন্য বাড়ি বাড়ি যাবেন। তিনি আরও বলেন, বর্তমানে ১৪,০০০ কমিউনিটি ক্লিনিক রয়েছে। কমিউনিটি ক্লিনিকের আদলে আরও স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজন হবে। তাদের কাজের মধ্যে থাকবে রক্তচাপ পরিমাপ, স্ক্রিনিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং আরও বিভিন্ন বিষয়। সর্বোপরি, মূল কথা হলো—আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে চাই।

