ঘানা ও আইভরি কোস্টে বন্যা ও ভূমিধসে ৩০ জনের মৃত্যু

Untitled design (97)

পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ও আইভরি কোস্টে কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
এএফপি-কে উদ্ধৃত করে কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘানার ন্যাশনাল ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যালেক্স কিং নার্তে বলেছেন, গত সোমবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানী আক্রায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আক্রার অনেক বাড়িঘর, রাস্তাঘাট এবং নিচু এলাকা জলমগ্ন হয়েছে। উদ্ধারকর্মীরা এলাকায় আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য রাতভর অভিযান চালিয়েছেন। গ্রেটার আক্রা ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কোয়ামে নিসাউ বলেছেন, গতকাল পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
ঘানার রাষ্ট্রপতি জন মাহামা এই চরম আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন এবং অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন।
এদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে প্রাণহানিও ঘটেছে। যদিও সরকারিভাবে মৃতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি, দমকল বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে সেখানে প্রায় ২০ জন মারা গেছেন।

Description of image