চট্টগ্রামে কেরাত সম্মেলন বিশ্বখ্যাত ছয় কারী: শোনাবেন মনমুগ্ধকর কুরআন তেলাওয়াত
জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ চট্টগ্রাম চত্বরে আগামী ৫ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। বিরল এই অনুষ্ঠানে বিশ্বখ্যাত শীর্ষ ছয় কারি অংশ গ্রহণ করবেন; শোনাবেন পবিত্র কোরআনের মনমুগ্ধকর তেলাওয়াত।

আয়োজকরা জানান, বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে মিসর, ইরান, আফগানিস্তান, তুরস্ক, বাংলাদেশ ও ইরাকের খ্যাতিমান কারীরা অংশ নেবেন। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলি। সার্বিক সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)
আন্তর্জাতিক কারীরা হলেন- মিসরের ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের মাহদি আদেলী, আফগানিস্তানের আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ হুসাইন তুরকান, ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী এবং আন্তর্জাতিক বিশ্বের খ্যাতিমান কারী বাংলাদেশের আহমেদ বিন ইউসুফ আজহারী।
পবিত্র কোরআন তেলওয়াতের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সফল করার জন্য পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও পর্ষদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিমদের অনুরোধ জানানো হয়েছে।
