কমিশন বাণিজ্যে অস্থির নন-লাইফ বীমা খাত: ২০–৪০ শতাংশ কমিশনে গ্রাহক ও পলিসি টানার অভিযোগ

IMG-20261109-WA0062

নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে কমিশন দেওয়ার সুযোগ বন্ধ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে তাতেও বন্ধ হয়নি কমিশননির্ভর ব্যবসা সংগ্রহের প্রবণতা। নিয়মের ফাঁকফোকর ব্যবহার করে নতুন কৌশলে কমিশন বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে খাতটির কয়েকটি কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কান্ট্রি লিমিট অতিক্রম করা পলিসির পুনর্বীমা প্রিমিয়ামের সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ করে তার একটি অংশ কমিশন হিসেবে আলাদা তহবিলে জমা রাখা হচ্ছে। পরে সেই অর্থ ব্যবহার করা হচ্ছে অন্য পলিসির ব্যবসা সংগ্রহে আর্থিক সুবিধা দেওয়ার কাজে।

Description of image

শুধু তা-ই নয়, আর্থিক প্রলোভন দেখিয়ে এক কোম্পানির নিয়মিত গ্রাহক ও পলিসি অন্য প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এ ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়ার প্রস্তাব দিচ্ছে বলে দাবি করেছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। একই সঙ্গে বীমা খাতের স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও গ্রাহকের আস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, বীমা ব্যবসায় প্রতিযোগিতা হওয়া উচিত সেবার মান, আর্থিক সক্ষমতা ও দাবি পরিশোধের দক্ষতার ভিত্তিতে। কিন্তু কমিশনের প্রলোভনে গ্রাহক ও পলিসি স্থানান্তরের প্রবণতা বাড়লে নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অতিরিক্ত কমিশন ব্যয়ের চাপ সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক সক্ষমতা ও ভবিষ্যতে দাবি পরিশোধের সামর্থ্যের ওপর কী প্রভাব ফেলছে, তা-ও খতিয়ে দেখা জরুরি। এ পরিস্থিতিতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, কমিশনের বিনিময়ে এক কোম্পানির ব্যবসা অন্য কোম্পানিতে স্থানান্তরের অভিযোগ কয়েক মাস আগে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আইডিআরএ চেয়ারম্যানকে জানানো হয়। সে সময় এ ধরনের অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিতের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি সংশ্লিষ্টদের। এরই মধ্যে অভিযোগ তদন্তে তিনটি পৃথক পরিদর্শক দল গঠন করে ১১টি বীমা প্রতিষ্ঠানে পরিদর্শন করেছে আইডিআরএ। প্রতিষ্ঠানগুলো হলো—ফিনিক্স ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স। তবে পরিদর্শনের পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লিখিত প্রশ্ন পাঠিয়ে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের বক্তব্য জানতে চাওয়া হলে জনসংযোগ বিভাগের মাধ্যমে জানানো হয়, নন-লাইফ বীমা খাতে কমিশন দিয়ে এক কোম্পানির গ্রাহক ও পলিসি অন্য কোম্পানিতে স্থানান্তরের অভিযোগ সুনির্দিষ্টভাবে পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। ২০২৬ সালের জুনে নয়টি বীমা প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন ছিল প্রাথমিক তদন্ত। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানে আরও বিস্তারিত তদন্ত করা হবে। পুঙ্খানুপুঙ্খ তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কান্ট্রি লিমিট অতিক্রম করা পলিসির পুনর্বীমা প্রিমিয়ামের সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ করে কমিশনের তহবিল গঠনের অভিযোগের বিষয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তদন্ত করা হবে। বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে আইডিআরএ বদ্ধপরিকর।

নিষেধাজ্ঞার পরও বন্ধ হয়নি কমিশন বাণিজ্য: নন-লাইফ বীমা খাতে সব ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর সার্কুলার জারি করে আইডিআরএ। সার্কুলারটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এর ফলে নন-লাইফ বীমা ব্যবসায় ব্যক্তি এজেন্টের মাধ্যমে ব্যবসা সংগ্রহ এবং তাদের নামে কমিশন বা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।” আইডিআরএর নির্দেশনায় বলা হয়েছে, এ সিদ্ধান্তের ব্যত্যয় বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। ওই ধারায় বীমা ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে বীমা এজেন্ট, এজেন্ট নিয়োগকারী বা ব্রোকার ছাড়া অন্য কাউকে কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু খাতসংশ্লিষ্টদের অভিযোগ, ব্যক্তি এজেন্টের মাধ্যমে কমিশন দেওয়ার সুযোগ বন্ধ হলেও বিকল্প পদ্ধতিতে আর্থিক সুবিধা দিয়ে ব্যবসা সংগ্রহের প্রবণতা রয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে এ কমিশনের হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ফলে নিয়ম মেনে কমিশন না দেওয়া প্রতিষ্ঠানগুলো একই গ্রাহকের পলিসি ধরে রাখতে পারছে না।

এতে কোম্পানিগুলোর ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি বাজারে সুস্থ প্রতিযোগিতার পরিবেশও নষ্ট হচ্ছে। অতিরিক্ত কমিশনের ব্যয় মেটাতে গিয়ে কোনো প্রতিষ্ঠান দাবি পরিশোধে গড়িমসি করছে কি না, গ্রাহককে হয়রানি করছে কি না—সেটিও নিয়ন্ত্রক সংস্থার নজরে আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী একটি নন-লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমাদেরকে বলেন, কমিশনের বিনিময়ে এক কোম্পানির ব্যবসা অন্য কোম্পানিতে স্থানান্তরের প্রবণতা বীমা খাতের দীর্ঘদিনের সমস্যা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা খাতসংশ্লিষ্ট সবারই জানা। এ বিষয়ে আইডিআরএর বিভিন্ন সভায় তারা নিজেদের মতামত ও উদ্বেগ তুলে ধরেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ তাদের চোখে পড়েনি বলে জানান তিনি।

কমিশনের প্রলোভনে এক কোম্পানির ব্যবসা অন্য কোম্পানিতে: নাম প্রকাশে অনিচ্ছুক একটি নন-লাইফ বীমা কোম্পানির পরিচালক আমাদেরকে বলেন, শুধু তার প্রতিষ্ঠান থেকেই প্রায় ১৪ কোটি টাকার ব্যবসা অন্য কয়েকটি কোম্পানি নিয়ে গেছে। এসব ব্যবসা নিজেদের প্রতিষ্ঠানে স্থানান্তর করতে কোনো কোনো কোম্পানি ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন দিয়েছে। তার দাবি, একইভাবে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা আরও কয়েকটি প্রতিষ্ঠানও ব্যবসা হারাচ্ছে। এভাবে কমিশনের প্রলোভনে গ্রাহক ও পলিসি স্থানান্তর অব্যাহত থাকলে নিয়ম মেনে ব্যবসা করা কোম্পানিগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তার মতে, ব্যবসা সংগ্রহের প্রতিযোগিতা অনেক ক্ষেত্রে সেবার মান ও আর্থিক সক্ষমতার বদলে কমিশন দেওয়ার সামর্থ্যের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

ওই পরিচালকের দেওয়া তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির ১৯টি খাতের সাড়ে ১৩ কোটির টাকার বেশি ব্যবসা অন্য কয়েকটি কোম্পানিতে স্থানান্তর হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ফিনিক্স ইন্স্যুরেন্সে ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৭৪৫ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সে ২ কোটি ২৫ লাখ ৮ হাজার ১২০ টাকা, প্রাইম ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে সম্মিলিতভাবে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ২৫৯ টাকা এবং ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সে ৯৫ লাখ ৪২ হাজার ৪৬৮ টাকার ব্যবসা যাওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া কর্ণফুলী ইন্স্যুরেন্সে ৫১ লাখ ৭৪ হাজার ৩১৬ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সে ৫৩ লাখ ১১ হাজার ২২ টাকা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে ৪৫ লাখ ২৪ হাজার ৬৮ টাকা, প্যারামাউন্ট ও পায়োনিয়ার ইন্স্যুরেন্সে সম্মিলিতভাবে ৩৯ লাখ ১৬ হাজার ২৯৫ টাকা, ইসলামী ও রূপালী ইন্স্যুরেন্সে ২১ লাখ ৫৪ হাজার ৮৬৪ টাকা, ইসলামী ইন্স্যুরেন্সে ২০ লাখ ১৯ হাজার ১৫০ টাকা এবং প্রাইম ইন্স্যুরেন্সে ১১ লাখ ৯৩ হাজার ৬১১ টাকার ব্যবসা স্থানান্তরের তথ্য রয়েছে। এর বাইরে আরও তিনটি খাতের ১ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার ৩৭৭ টাকার ব্যবসা অন্য কয়েকটি প্রতিষ্ঠানে গেছে বলেও অভিযোগ করা হয়।

কমিশনের অর্থ আসছে কোথা থেকে:

নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিতের পরও কীভাবে কমিশন বাণিজ্য চলছে, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। খাতসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার অভিযোগ, কিছু কোম্পানি এখন কান্ট্রি লিমিট অতিক্রম করা পলিসির পুনর্বীমা প্রিমিয়ামকে কমিশন সংগ্রহের নতুন মাধ্যম হিসেবে ব্যবহার করছে। তাদের ভাষ্য, কোনো বীমা পলিসির বীমা অঙ্ক নির্ধারিত কান্ট্রি লিমিট অতিক্রম করলে সংশ্লিষ্ট দেশীয় বীমা কোম্পানি বিদেশি পুনর্বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্যাকাল্টেটিভ পুনর্বীমার রেট সংগ্রহ করে। পরে সেন্ট্রাল রেটিং কমিটির (সিআরসি) নির্দেশনা অনুযায়ী ওই রেটের সঙ্গে ২০ শতাংশ অতিরিক্ত প্রিমিয়াম যোগ করে গ্রাহকের কাছ থেকে আদায় করা হয়। এই প্রিমিয়ামের ওপর এজেন্ট কমিশন দেওয়ার সুযোগ না থাকলেও কিছু কোম্পানি ১৫ শতাংশ কমিশন হিসাব করে তা আলাদা একটি তহবিলে জমা রাখছে। পরে ওই অর্থ অন্য পলিসির ব্যবসা সংগ্রহে কমিশন হিসেবে ব্যয় করা হচ্ছে। অর্থাৎ একটি পলিসির প্রিমিয়াম থেকে সংগৃহীত অর্থ দিয়ে অন্য পলিসির ব্যবসা সংগ্রহের ব্যয় মেটানো হচ্ছে বলে অভিযোগ তাদের।

নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি চান সংশ্লিষ্টরা: খাতসংশ্লিষ্টদের মতে, কমিশন দিয়ে ব্যবসা সংগ্রহের প্রবণতা বন্ধ করতে হলে অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই। কোন কোম্পানি কত কমিশন দিচ্ছে, কীভাবে অর্থ পরিশোধ হচ্ছে, পুনর্বীমা প্রিমিয়াম কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং আলাদা কোনো তহবিলে অর্থ জমা হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি ব্যাংক হিসাব, পলিসি স্থানান্তরের তথ্য, পুনর্বীমা চুক্তি ও আর্থিক বিবরণী পর্যালোচনা করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তা বলেন, শুধু অভিযোগ গ্রহণ করলেই হবে না, প্রকৃতপক্ষে কোথায় এবং কীভাবে কমিশন দেওয়া হচ্ছে, তা বের করতে হবে। এক্ষেত্রে বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।