বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর আরেক চেষ্টা ব্যর্থ, ৪ জুলাই ভোটে আর কোনো আইনি বাধা নেই
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে চলমান আইনি লড়াইয়ে আবারও সুবিধা পাননি আমজাদ হোসেন চৌধুরী। সর্বশেষ হাইকোর্টে নির্বাচন স্থগিতের আবেদন করেও কোনো স্থগিতাদেশ আদায় করতে পারেননি তিনি। ফলে আগামী ৪ জুলাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই।

আদালত-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, আমজাদ হোসেন চৌধুরী নির্বাচন বোর্ডের ২৫ মে ২০২৬ তারিখের আদেশ এবং ২৯ জুন প্রকাশিত নির্বাচনী বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন। তবে শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি রেকর্ডে রাখার নির্দেশ দেন; নির্বাচন স্থগিতের কোনো আদেশ দেননি। আইনজীবীর সার্টিফিকেটেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিএসবিআরএ-২০২৬ নির্বাচন পরিচালনায় কোনো আইনি বাধা নেই। এর আগে ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে নির্বাচন বোর্ড তাঁর প্রার্থিতা বাতিল করে। পরবর্তী আপিল ও বিচারিক প্রক্রিয়াতেও সেই সিদ্ধান্ত বহাল থাকে। ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারান।
নির্বাচন-সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক আইনি প্রক্রিয়ার কারণে নির্বাচন বিলম্বিত হলেও আদালতের সর্বশেষ অবস্থানের পর এখন আর কোনো অনিশ্চয়তা নেই। নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের আইনি জটিলতা সদস্যদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছিল। আদালতের সর্বশেষ অবস্থান সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে। তারা মনে করেন, আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন সবার উচিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে সহযোগিতা করা।
