ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিল পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। নয়াদিল্লি জানিয়েছে যে, তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তে অটল থাকবে। এতে ইসলামাবাদ ক্ষুব্ধ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, খাজা আসিফ বলেছেন যে, পানির নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে।
গত শনিবার (২০ জুন) এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যখনই আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা (যার একটি অংশ হলো পানি) হুমকির মুখে পড়েছে, আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করব।”
পাকিস্তানের শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তে অটল রয়েছে। ভারত বলেছে যে, ২০২৫ সালের এপ্রিলে একটি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি বলছে যে, পাকিস্তান-সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে। খাজা আসিফ অভিযোগ করেছেন যে, ভারত “পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে” এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করছে। এতে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তানের পরিস্থিতি খুবই খারাপ।
সরকারি তথ্য অনুযায়ী, সিন্ধুর বিভিন্ন খালে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উত্তর-পশ্চিম খালে ৬৪.১ শতাংশ, রাইস খালে ৩৮ শতাংশ এবং দাদু খালে ৮২ শতাংশ পানির ঘাটতি দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, সুক্কুর ব্যারেজের পানির স্তর কমে যাওয়ায় অর্থনৈতিক সংকট আরও গভীর হবে।

