ইরানের ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা আটকে দিলেন ট্রাম্প
মার্কিন সামরিক বাহিনী ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জোরপূর্বক দখল করার পরিকল্পনা করেছিল। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই পরিকল্পনা স্থগিত করেছেন। এই তথ্যটি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন গোপনে এবং জরুরি ভিত্তিতে ফ্লোরিডায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সদর দপ্তরে যান। সেখানে তিনি ইরানের ইউরেনিয়ামের মজুদ দখলের জন্য একটি সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা সম্পর্কে সরাসরি ব্রিফিং পান।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি এতটাই সংবেদনশীল এবং জরুরি ছিল যে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান কেইন ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক মাঝপথে ছেড়ে ১৯ মে টাম্পায় ফিরে আসেন। সিএনএন বলছে, এই উচ্চ-পর্যায়ের আলোচনাগুলো ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন এই ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানটি অনুমোদন করার খুব কাছাকাছি ছিল। পরে, জেনারেল কেইন ট্রাম্পের কাছে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো উপস্থাপন করেন।
তবে, ট্রাম্প শেষ পর্যন্ত পরিকল্পনাটি স্থগিত করেন। কারণ, তাকে সতর্ক করা হয়েছিল যে, এই ধরনের পদক্ষেপ ইরানের তীব্র প্রতিক্রিয়া উস্কে দিতে পারে, সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে এবং বিশ্ব অর্থনীতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর ফলে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক হতাহতের আশঙ্কাও ছিল।
প্রতিবেদন অনুসারে, সামরিক পরিকল্পনাটি তৈরির কাজ চলার সময়েও ট্রাম্প বারবার বলছিলেন যে, হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি রয়েছে।

