অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: ইরান
বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আবারও বেড়ে গেছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও সময় লাগবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা” চলছে। তবে, তিনি হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির চেষ্টা না করার জন্য তেহরানকে সতর্ক করেছেন। গত শুক্রবার, ইরান সাময়িকভাবে প্রণালীটি খুলে দেয়, যার ফলে কিছু তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করতে পারে। এতে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি আসে।
তবে, নিরাপত্তা উদ্বেগ এবং অবরোধ বজায় রাখার মার্কিন ঘোষণার কারণে তেহরান পরে আবারও প্রণালীটিতে যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়। ইরান সতর্ক করেছে যে, অবরোধ তুলে না নেওয়া হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুমতি ছাড়া কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টাকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও, ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তর বলেছে যে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজগুলোর অবাধ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত ও অপরিবর্তিত থাকবে। এদিকে, মিশর ও পাকিস্তান কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আশা প্রকাশ করেছে। তবে, ইউরেনিয়াম ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে পরিস্থিতি এখনও অনিশ্চিত।

সূত্র: সিএনএন
