লিবিয়ার উপকূলে বাংলাদেশি সহ ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার
লিবিয়ার পশ্চিম উপকূল থেকে বাংলাদেশি সহ অন্তত ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত সবাই অভিবাসী। রয়টার্স জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে একটি বাংলাদেশি নাগরিকের বলে শনাক্ত করা হয়েছে। ত্রিপোলিতে অবস্থিত চিকিৎসকদের একটি দল গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে জুয়ারা উপকূল থেকে গত কয়েকদিনে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত ১৭টি মরদেহের মধ্যে ১৪টি যথাযথভাবে দাফন করা হয়েছে। শনাক্তকৃত বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। কেন্দ্রটির যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে একটি অ্যাম্বুলেন্সে তুলছেন।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত এক অভ্যুত্থানে তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যুদ্ধ, দারিদ্র্য এবং অনিশ্চয়তা থেকে বাঁচতে লিবিয়ার মধ্য দিয়ে বিপজ্জনক মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।

