ইরান যুদ্ধ চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Untitled design (3)

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না। তিনি আরও বলেন, ইরান সবসময় সংলাপ এবং গঠনমূলক কূটনীতির ওপর জোর দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র তথ্যমতে, আজ বুধবার (১৫ এপ্রিল) তেহরানের জরুরি পরিষেবাগুলোর বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি তার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হবে। তিনি এও সতর্ক করেন যে, ইরানের জনগণ কখনোই এমন পদক্ষেপ মেনে নেবে না। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতির কাঠামোর মধ্যে থেকে বেসামরিক নাগরিক, বিশিষ্ট ব্যক্তি, শিশুদের লক্ষ্যবস্তু বানানো এবং স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার কী যুক্তি থাকতে পারে?
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হতে চলেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা যায় যে, তিনি মনে করেন যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দাবি করেন, যদি তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করতেন, তাহলে দেশটি এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলত। ট্রাম্প আরও দাবি করেছেন যে, মার্কিন হামলায় সৃষ্ট ক্ষতি পুনর্গঠন করতে তেহরানের ২০ বছর সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেছেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া।

Description of image