হাইতির সিটাডেলে পদদলিত হয়ে ৩০ জন নিহত

Untitled design (28)

হাইতির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি গতকাল শনিবার (১১ এপ্রিল) উত্তরাঞ্চলীয় শহর মিলোর সিটাডেল লাফেরিতে ঘটেছে। হাইতির নর্ড বিভাগের বেসামরিক সুরক্ষা প্রধান জঁ-অঁরি পেতিত বলেছেন, ঘটনাটি গতকাল বার্ষিক ইস্টার উদযাপনের সময় ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, প্রধানমন্ত্রী অ্যালেক্স দিদিয়ে ফিলস-অ্যামি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, মিলো শহরের ওই স্থানে “অনেক তরুণ-তরুণীর অংশগ্রহণে একটি পর্যটন অনুষ্ঠানের সময়” দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, একটি তদন্ত শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে, ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পরপরই হাইতিতে এই ঐতিহাসিক দুর্গটি নির্মিত হয়েছিল। স্বাধীনতার পর বিপ্লবী নেতা অঁরি ক্রিস্তফ এটি নির্মাণ করেন। এটি বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

Description of image