রাজমিস্ত্রি প্রেমিকার কাছে এএসপি সেজে কার্ড বানাতে গিয়ে রংপুরে গ্রেপ্তার
পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পরিচয় দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু সেই পরিচয় বজায় রাখতে গিয়েই তিনি বিপদে পড়েন। রংপুরে একটি জাল পরিচয়পত্র বানানোর চেষ্টা করার সময় পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়েন তিনি। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের প্রেস ক্লাব শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। মোস্তাফিজুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোখলেসুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোস্তাফিজুর প্রেস ক্লাব শপিং মলের তিন তলার একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি হিসেবে পরিচয় দেন। পরে তিনি একটি পুলিশ পরিচয়পত্র বানানোর অর্ডার দেন। তবে কার্ডটি পাওয়ার পর তার কথায় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানায়, এক এএসপি তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি প্রেমিকা তার পরিচয়পত্র দেখতে চাইলে, সেটি বানাতে সে রংপুরে আসে। গতকাল সোমবার থেকে সে শহরের মুন হোটেলে থাকছিল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, আটক যুবকের পরিবার জানিয়েছে যে, সে গত ৬ মাস ধরে নিখোঁজ ছিল। একই সঙ্গে পরিবার দাবি করেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল। তবে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

