নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় নানার মৃত্যু

Untitled_design_24_1200x630

নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব চর-কালনা এলাকার মধুমতি রেল সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা লোহাগড়া উপজেলার চর-বাকজুরি গ্রামের নিহত খালেক মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় ৩০ বছর আগে নদীভাঙনের শিকার হয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে এসে সপরিবারে নড়াইলের লোহাগড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম মোল্যা প্রতিদিনের মতো আজ সকালে তার নাতি মহিম মোল্যাকে স্থানীয় একটি স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।
তিনি নাতিকে স্কুলে নামিয়ে দিয়ে রেললাইন ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে চর-কালনা এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তিনি মারা যান। নিহতের পরিবারের সদস্যরা জানান, আকরাম মোল্যার কানে সামান্য শ্রবণশক্তি কম ছিল। ধারণা করা হচ্ছে, ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তিনি লাইন থেকে সরতে পারেননি।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। যেহেতু দুর্ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতাধীন, তাই বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ রেলওয়ে পুলিশ আসার পর পরবর্তী প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

Description of image