যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধ হওয়ায় তেলের দাম ২.২ শতাংশ কমেছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত ও পারস্পরিক সামরিক হামলা বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২.২ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৪.০৩ ডলারে নেমে এসেছে। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষের দিকে ইরানকে নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার ছিল। অন্যদিকে, মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮১.২০ ডলারে নেমে এসেছে।
জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দাম সামান্য বেড়ে ১৬৩.৭৫ ইয়েন থেকে ১৬৩.৮২ ইয়েনে দাঁড়িয়েছে। একই সময়ে, ইউরোর বিনিময় হার ১.১৩৬৯ ডলার থেকে সামান্য কমে ১.১৩৬৭ ডলারে নেমে এসেছে। আঞ্চলিক মধ্যস্থতাকারীরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কারণ উভয় পক্ষই বেশ কয়েকদিন ধরে হামলা থেকে বিরত ছিল।

