মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

Untitled design (40)

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও চালক নিয়োগের উদ্যোগ নিতে জাপানকে আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন এ বিবৃতি দেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, জাপান নারায়ণগঞ্জে ২৫০০ বর্গমিটারের আরেকটি শিল্প পার্ক স্থাপনে আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার ওপরও জোর দিয়েছেন।
বৈঠকে ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলাম এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।
জাপানের পক্ষে ভূমি, পরিকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী উপমন্ত্রী নাকায়ামা রিয়েকো, জাপানের বেসামরিক বিমান চলাচল ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি উপস্থিত ছিলেন।

Description of image