ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত

Untitled design (73)

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায়।
নিহতরা হলেন সাভারের আশুলিয়ার দেনদাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর ছাত্র ছিলেন। অপরজন হলেন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনেই সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় প্রাইভেট গাড়ির যাত্রীসহ বাস ও কাভার্ড ভ্যানের ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার হাইওয়ে থানার ওসি সাওগত আলম যুগান্তরকে জানান, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে যায়। পরে বাসটি রাস্তায় থামলে পেছন থেকে আসা একটি প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল হঠাৎ ব্রেক কষলে পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী স্বতন্ত্র পরিবহন বাস মোটরসাইকেল, কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো সরানো হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া, নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image