ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

Untitled design (78)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া এলাকায় বাসের সাথে সংঘর্ষে সাইফুল ইসলাম (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে মহাসড়কটিতে ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে। নিহত সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছায়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত যাত্রীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইফুল এক যাত্রীকে নিয়ে অটোরিকশায় করে বড়রহাট থেকে ছাগলনাইয়া যাচ্ছিলেন। পথে, চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস নিজকুঞ্জরা এলাকায় মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সাইফুল ঘটনাস্থলেই মারা যান ও একজন যাত্রী আহত হন। ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আত্মীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পরপরই দুর্ঘটনা ঘটানো বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Description of image