উচ্চ মাত্রার অ্যালার্জিতে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে জেলে ফিরলেন

Untitled design - 2026-06-29T150420.282

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী সাবেক মন্ত্রী ড. দীপু মনি জেলে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে যাওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি উচ্চ মাত্রার অ্যালার্জিতে অসুস্থ হয়ে পড়েছেন।
আজ সোমবার (২৯ জুন) সকালে তিনি জেলে অসুস্থ বোধ করলে কারাগারের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন।
কিছু প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তাঁকে নির্ধারিত ওষুধ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীদের পাহারায় তাঁকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাসেম রেজা ঘটনাটি নিশ্চিত করে জানান যে, ডা. দীপু মনি তীব্র অ্যালার্জিতে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতামত অনুযায়ী, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না থাকায় তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।

Description of image