কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে নিহত হয়েছেন সৈয়দ আবদুল্লাহ সিয়াম। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৯ জুন) সকালে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে। নিহত সৈয়দ আবদুল্লাহ সিয়াম (২০) একই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে তার প্রেমিকা নাইমা জাহান এবং নিহতের বন্ধু আরিয়ান খান মহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে নাইমা জাহানের সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ঢাকার একটি আবাসিক হোটেলে বেশ কয়েক রাত কাটান। সম্প্রতি সিয়াম মাদক সেবন করে নাইমার তিন মাসের গর্ভস্থ ভ্রূণ নষ্ট করে দেন। পরে, নাইমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এরই মধ্যে সিয়াম ২০ হাজার টাকা দিয়ে তাকে লক্ষ্মীপুর গ্রামে তার বাড়িতে আসতে চাপ দেন। টাকা জোগাড় করতে না পারলেও প্রেমিকা রবিবার রাতে সিয়ামের পুরোনো বাড়িতে আসে। সিয়াম, নাইমা ও আরিয়ান সেখানকার একটি ঘরে রাত কাটায়।
সকালে সিয়াম নাইমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তর্কাতর্কির এক পর্যায়ে নাইমা বাড়ির ভেতরেই সিয়ামের পেটে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার বন্ধু আরিয়ান সেখানে উপস্থিত ছিল। সিয়ামের চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে ছুটে আসে, যেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে দুজনকে গ্রেপ্তার করেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত নাইমা জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। মূলত তারা প্রেমিক-প্রেমিকা। আমরা ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত করছি।

