শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ২ জনকে ফেরত পাঠাল বিজিবি

Untitled design - 2026-06-29T151221.416

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকারী ২ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৯ জুন) সকালে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় ভারতীয় মানব পাচারকারীরা ওই দুই ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
বিজিবি জানায়, সকাল ৯টা ২০ মিনিটে শেরপুর সীমান্তে ১০৯৭ নম্বর প্রধান স্তম্ভ (এমপি) পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে টহলরত সদস্যরা ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মানব পাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টাকারী ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোর জেলার বাসিন্দা বলে দাবি করলেও কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুজন ব্যক্তি গতকাল রবিবার (২৮ জুন) সন্ধ্যা থেকে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছিল। তারা সকাল ৯টার দিকে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি তাদের সীমান্ত পার করে ফেরত পাঠিয়ে দেয়। বর্তমানে তারা পিলারের কাছে নো-ম্যান’স ল্যান্ডে রয়েছে।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, “আজ সকালে সীমান্ত এলাকায় দুজনকে পাওয়া যায়। আমরা তাদের ভারতীয় সীমান্তে পাঠিয়ে দিয়েছি। বর্তমানে আমরা জানতে পেরেছি যে তারা ১০৯৭ নম্বর পিলারের কাছে অবস্থান করছে। সীমান্তে যেকোনো ধরনের মানব পাচারসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।” এদিকে, সীমান্ত এলাকায় মানব পাচারের মাধ্যমে অনুপ্রবেশের এমন প্রচেষ্টা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

Description of image