রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাফিজ আহমেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।
গতকাল শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাহবাগ থানার অধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে, মোতালিব প্লাজার একটি দোকানে বিপুল পরিমাণ জাল নোট নিয়ে কিছু লোক অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

