ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল আইআরজিসি
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায়, তিনি সতর্ক করে বলেন যে, ২০০০ সালে দেশটি থেকে ইসরায়েলের নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কানি বলেছেন যে, ইসরায়েল যদি তার “আগ্রাসন ও দখলদারিত্ব” অব্যাহত রাখে, তবে তাকে “অপমান ও পরাজয়ের মাধ্যমে” দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে। কানি বলেন, “যদি তোমরা নিজ পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। যে বছর তোমরা এই ভূমি থেকে অপমানে পালিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের।”
প্রতি বছর ২৫শে মে লেবানন “মুক্তি দিবস” উদযাপন করে। ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের স্মরণে এই দিনটি উদযাপন করা হয়। দখলদার ইসরায়েলকে সতর্ক করতে কানি সেই সময়ের কথা উল্লেখ করেছেন।

