লেবাননে অনির্দিষ্টকালের জন্য থাকবে সেনা: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দক্ষিণ লেবাননে “যতদিন প্রয়োজন” ততদিন থাকবে। একই সাথে, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দ্য ডন এ খবর জানিয়েছে।
গতকাল রবিবার (২১ জুন) তিনি বলেন, “উত্তরের প্রিয় বাসিন্দা এবং ইসরায়েলের সকল নাগরিকের নিরাপত্তার জন্য, আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। কোনো কিছুই আমাদের এই অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না।”
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, “হুমকি মোকাবেলায় লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর কার্যকলাপে কোনো বিধিনিষেধ নেই।” তিনি দাবি করেন যে, সেনারা এখনও নিরাপত্তা অঞ্চল হিসেবে নির্ধারিত এলাকায় মোতায়েন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্বাধীন।
এর আগে, গত শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু শনিবার লেবাননে দখলদার বাহিনীর হামলায় অন্তত ২০ জন নিহত হন।

যুদ্ধবিরতির শর্তে প্রতিশ্রুতিবদ্ধ হিজবুল্লাহ
হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে, তবে তাদের পক্ষও তা মেনে চলবে। তবে, তিনি এও মন্তব্য করেন যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবাধে চলাচলের কোনো অধিকার নেই।
তিনি বলেন, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর কোনো হামলা চালায়নি। এদিকে, ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির দক্ষিণ লেবাননে সেনাদের বলেছেন যে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল্লাহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং বর্তমানে তারা “খুবই কঠিন পরিস্থিতিতে” রয়েছে।
তিনি বলেন, “হিজবুল্লাহ গুরুতর ও বড় ধরনের আঘাত পেয়েছে। আমরা তাদের পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে এবং প্রয়োজনে আরেকটি অভিযান চালাতে প্রস্তুত।”
