চুরির সন্দেহে পিটিয়ে ও বিদ্যুৎস্পৃষ্ট করে এক যুবককে হত্যার অভিযোগে ২ জন গ্রেপ্তার

Untitled design - 2026-06-21T175818.755

চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার অধীনস্থ পোলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক হাই স্কুল থেকে জয়নাল (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২১ জুন) সকালে কোতোয়ালি পুলিশ স্কুল চত্বর থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে। পরিবারের অভিযোগ, চুরির সন্দেহে গতকাল শনিবার রাতে স্কুলের নিরাপত্তা কর্মীরা তাকে সারারাত ধরে মারধর ও বিদ্যুৎস্পৃষ্ট করে নির্যাতন চালায়।
এতেই তার মৃত্যু হয়। তবে স্কুল কর্তৃপক্ষ হত্যার অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের মতে, গতকাল রাতে জয়নাল স্কুলে প্রবেশ করলে চোর সন্দেহে তাকে আটক করা হয়। এরপর দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে মারধর, ঘুষি ও বিদ্যুৎস্পৃষ্ট করে নির্যাতন চালায়।
সারারাত ধরে চলা এই নির্যাতনের এক পর্যায়ে তার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আজ সকালে এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে কোতোয়ালি থানা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্কুল কর্তৃপক্ষ হত্যার অভিযোগ অস্বীকার করেছে। যদিও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, স্কুলের এক দায়িত্বশীল কর্মচারী জানান, রাতে চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আহত হয়েছিল। তার মৃত্যু সম্পর্কে তারা আগে থেকে কিছুই জানতেন না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Description of image