ভারতে একই পরিবারের চার সদস্যের আত্মহত্যা

Untitled design (30)

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়াশিম জেলার মালেগাঁও তালুকের তিভলি গ্রাম থেকে পুলিশ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে। মৃতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই আত্মহত্যা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ রবিবার (১৪ জুন) একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরে একটি কুয়া থেকে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। শিরপুর থানার সাব-ইন্সপেক্টর ইমরান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, “আমরা বিকেল সাড়ে ৪টার দিকে খবর পাই যে তিভলি গ্রামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কুয়ায় ঝাঁপ দিয়েছেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।” তিনি আরও জানান, চারটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত এখনও শেষ হয়নি। আগামীকাল ময়নাতদন্ত করা হবে। কেবল তখনই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Description of image