আজ স্বাক্ষরিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: ট্রুথ সোশ্যালে ট্রাম্প

Untitled design (24)

দীর্ঘদিনের তিক্ত সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক প্রাথমিক শান্তি চুক্তি আজ রবিবার (১৪ জুন) স্বাক্ষরিত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে এই দাবি করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় বলেছেন যে, চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরপরই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালী’ সকলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। পূর্ববর্তী যেকোনো মার্কিন প্রশাসনের চেয়ে বর্তমান প্রশাসনের অধীনে ইরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অনেক ভালো বলে দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানসহ মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুরো চুক্তি প্রক্রিয়াটি খুব দ্রুত ও সহজে সম্পন্ন হবে। তবে, একই সঙ্গে তেহরানকে পরোক্ষভাবে সতর্ক করে ট্রাম্প বলেন, এই আলোচনা সফল না হলে ওয়াশিংটন যেকোনো বিকল্প ও কঠোর পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত।
এর আগে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে চলমান মধ্যস্থতা প্রক্রিয়ার অন্যতম প্রধান স্থপতি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার)-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে এই ঐতিহাসিক চুক্তির জন্য একটি টেকসই ‘শান্তি কাঠামো’-তে সম্মত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের মধ্যে একটি ‘ইলেকট্রনিক চুক্তি’ স্বাক্ষরিত হতে পারে। তবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের এমন জোরালো দাবি সত্ত্বেও তেহরান সতর্কতার সাথে এগোচ্ছে। ইরান সরকার জানিয়েছে যে, রবিবার স্বাক্ষরিত চুক্তিটি ‘এখনও পুরোপুরি চূড়ান্ত নয়’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে কিছু শর্ত নিয়ে আলোচনা এখনও চলছে।

Description of image