ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই জেলায় হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫০-এ পৌঁছেছে। এছাড়া, মেডিকেল সেন্টারে ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ১০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, সিলেটের পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৩৮ জন নতুন হামের রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৮।
এছাড়া, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন জেলায় হামের রোগীর ভিড় দেখা যাচ্ছে। রোগীর চাপ বাড়ার কারণে হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে শয্যার অভাব দেখা দিয়েছে, যার ফলে রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, হামের উপসর্গ দেখা দিলে রোগীকে আতঙ্কিত না হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

