বিজিবির বাধায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৫ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চাঁপাইনবাবগঞ্জের রোকানপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৮৮তম বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা গোমস্তাপুর উপজেলার রোকানপুর সীমান্তের ২২০ এমপি আন্তর্জাতিক সীমান্ত স্তম্ভ এলাকা দিয়ে নৌকায় করে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ছিল।
বিজিবি জানায়, সেই সময় ঠেলে দেওয়া ১৫ জন সীমান্তের জিরো লাইন বরাবর ভারতের ভেতরে অবস্থান করছিলেন। ঠেলে দেওয়ার চেষ্টার খবর পেয়ে বিজিবি সঙ্গে সঙ্গে তা থামিয়ে দেয়। এক পর্যায়ে বিজিবির বাধার কারণে বিএসএফ সীমান্ত স্তম্ভ ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ১৫ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে যায়। ১৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

