ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর নিয়োগকে স্বাগত
চট্টগ্রাম, ১২ জুন: ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর নিয়োগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আলেমের নিয়োগ সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়, মুফতি মুহিব্বুল্লাহিল বাকী কওমি, আলিয়া ও সাধারণ শিক্ষা—তিন ধারাতেই উচ্চশিক্ষা অর্জন করেছেন এবং দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা, প্রকাশনা ও ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ তাঁর নিয়োগকে ঘিরে বিভিন্ন মহলের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের নিন্দা জানিয়ে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান। একই সঙ্গে তাঁকে দ্রুত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সুষ্ঠু পরিচালনা ও দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
