প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রামে নৌ স্থাপনা পরিদর্শন করেছেন

Untitled design - 2026-06-11T181052.085

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামসুল ইসলাম চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) তিনি বানোজা ঈসা খানে অবস্থিত বাংলাদেশ নৌ ঘাঁটির আইএফএফ সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সামুদ্রিক অঞ্চলের সকল জাহাজের চলাচল সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করে, যা সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, সিএনআরডি হলো বাংলাদেশ নৌবাহিনীর একটি গবেষণা ও উদ্ভাবনমুখী প্রতিষ্ঠান, যেখানে জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কার্যক্রমও পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের সামুদ্রিক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ সময় তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিরক্ষা শিল্পে প্রধানমন্ত্রীর ‘মেড ইন বাংলাদেশ’ নীতির প্রেক্ষাপটে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের গুরুত্ব অপরিসীম এবং তিনি প্রতিষ্ঠানটির পেশাগত ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তাঁকে প্রতিষ্ঠানগুলোর বর্তমান সক্ষমতা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের অগ্রগতি, কারিগরি সক্ষমতা এবং দক্ষ জনবলের প্রশংসা করেন। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নের জন্য সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

Description of image