সুন্দরবনে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Untitled design - 2026-06-10T175918.811

সাতক্ষীরার শ্যামনগরে এক অভিযানে সুন্দরবনের ডাকাত দল ‘জনব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার (১০ জুন) এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন আজিবর গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। সে সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সব সক্রিয় ডাকাত দলকে নির্মূল করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যাংগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল ‘জনব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণতানা খাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলেদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে ডাকাতমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

Description of image