নড়াইলের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার একটি পুকুরে ডুবে মারা গেছে আবু বকর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই ভাই। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে। মৃত দুই শিশু ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ছোট ছেলে ওমর ফারুককে খাওয়াতে খাওয়াতে মা ঘুমিয়ে পড়েন। তখন দুই শিশু খেলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠে সন্তানদের বাড়িতে না পেয়ে মা বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় তাদের খুঁজতে শুরু করেন।
এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির কাছের একটি পুকুরে তল্লাশি চালানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “দুই ভাইয়ের ডুবে যাওয়ার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারাক্রান্ত হয়ে পড়েছে।”

