পাকিস্তান-লেবানন সেনাপ্রধানদের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সম্মত

Untitled design - 2026-06-09T164612.856

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানদের এক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং (আইএসপিআর) জানিয়েছে, রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) সফরকালে লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকাল পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফরের শুরুতে জিএইচকিউ-তে লেবাননের সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে বৈঠকে জেনারেল আসিম মুনির লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত নিরসনে মধ্যস্থতা করার চেষ্টা করছে। একই সাথে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করছে।

Description of image