জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৮ জুন) সকালে উপজেলার বারবারিয়া গ্রামে। মৃত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বারবারিয়া গ্রামের উসমান হারুনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, তিনি রাতে বারবারিয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের পিডিবির এসটি পোলের বিদ্যুতের তার চুরি করতে গিয়েছিলেন। সে সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ইকবাল হোসেন জানান, খবর পেয়ে তারা সকালে উপজেলার কামরাবাদ গ্রামে গিয়ে লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি চুরি করতে গিয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

