পশ্চিমবঙ্গের পর কোরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও ঈদুল আজহার নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে, খোলা বা জনবহুল স্থানে কোরবানি করা যাবে না। এছাড়াও, রাস্তা অবরোধ করে ঈদের নামাজ পড়া যাবে না। তিনি ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। গতকাল রবিবার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত একটি উচ্চ-স্তরের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উত্তর প্রদেশ সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে, জনবহুল বা খোলা জায়গায় পশু কোরবানি করার অনুমতি দেওয়া হবে না। তিনি নির্দেশ দিয়েছেন যে, কোরবানি শুধুমাত্র পূর্বনির্ধারিত স্থানেই করা যাবে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে, এই উৎসবকে ঘিরে কোনো নতুন প্রথা বা ঐতিহ্য চালু করা যাবে না। তিনি বলেছেন যে, শুধুমাত্র প্রচলিত এবং নির্ধারিত স্থানেই নামাজ পড়া উচিত। তিনি এও স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া হবে না।
যোগী আদিত্যনাথ আরও বলেছেন যে, আইনসম্মত কসাইখানায় নির্ধারিত ধারণক্ষমতার বাইরে পশু রাখা হবে না। মুখ্যমন্ত্রী উৎসব চলাকালীন নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন। এর আগে, পবিত্র ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গের নতুন সরকার পশু কোরবানি ও জবাইয়ের নিয়মের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই জটিল বিধিনিষেধের কারণে রাজ্য জুড়ে পশু বিক্রি ব্যাপকভাবে বন্ধ হয়ে গেছে এবং মুসলিম ও হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে
