যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে

Untitled design (25)

মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল দাবি করেছে যে, সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে আমিরাত পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায়। তবে আবুধাবি আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা স্বীকার করেনি।
ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার সময়েই এই হামলাটি ঘটে। যদিও হামলাটি যুদ্ধবিরতির আগে না পরে হয়েছিল, তা স্পষ্ট নয়। সে সময় ইরান বলেছিল যে, এক অজ্ঞাত শত্রু তাদের একটি স্থাপনায় হামলা চালিয়েছে। পরে তেহরান আমিরাত ও কুয়েতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
তবে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে যে, অন্যান্য উপসাগরীয় দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকার করলেও ওয়াশিংটন সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। একইভাবে পেন্টাগনও কোনো মন্তব্য করেনি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, যুদ্ধ চলাকালে ইরান সংযুক্ত আরব আমিরাতের ওপর প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে।
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বেশি হামলার শিকার হয় সংযুক্ত আরব আমিরাত।

Description of image