নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১০ মে) সকাল ৭টার দিকে শহরের ভুইগড় গিরিধারা এলাকায়। স্থানীয়রা জানান, সকালে একটি ৮ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বিকট বিস্ফোরণের শব্দ হয়। শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বাড়ি থেকে দগ্ধ অবস্থায় মোহাম্মদ কালাম, তার স্ত্রী সালমা এবং তাদের তিন সন্তান মুন্না, মুন্নি ও কথাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা আরও জানান, গুরুতর আহতদের রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে লিকেজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গ্যাস লাইনে ছিদ্র থাকার কারণে একটি বন্ধ ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে লাইটার জ্বালানোর চেষ্টা করার সময় বিস্ফোরণটি ঘটে। তবে, তদন্ত শেষ হওয়ার আগে বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।

