তামিলনাড়ুর বাসিন্দারা ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন: থালাপথি বিজয়

Untitled design (16)

মুখ্যমন্ত্রী থালাপথি বিজয় জানিয়েছেন, ভারতে তামিলনাড়ুর বাসিন্দারা ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আজ রবিবার (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁর প্রথম সরকারি আদেশে তিনি ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে একটি বিশেষ টাস্ক ফোর্স এবং নারী সুরক্ষার জন্য একটি বিশেষ বাহিনী ও হেল্পলাইনের ঘোষণা দেন। এনডিটিভি এ খবর জানিয়েছে।
থালাপথি আজ স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শপথ নেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। তিনি তামিল ভাষায় শপথবাক্যটি পাঠ করেন। সেই সময় পুরো স্টেডিয়াম করতালি ও হর্ষধ্বনিতে ফেটে পড়ে। মুখ্যমন্ত্রী বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেকে আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, ভাই, ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন, আপনারা আমাকে গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন যে তাঁর সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। তিনি আরও বলেন যে, তাঁর সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের মতো মৌলিক বিষয়গুলিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বিজয় অভিযোগ করেন যে, দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে এবং আমরা ১০ লক্ষ কোটি টাকার (মার্চ ২০২৭ পর্যন্ত সম্ভাব্য অনুমান) ঋণের বোঝা বহনের দায়িত্ব নিয়েছি। আমরা জনগণের টাকা থেকে একটি পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।
একই সাথে, বিজয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীণ চক্রবর্তী, বাম নেতা এম এ বাবলি এবং মিত্রদের ধন্যবাদ জানান এবং প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের এক নতুন যুগ আনার প্রতিশ্রুতি দেন। শপথগ্রহণ মঞ্চে রাহুল গান্ধীকেও দেখা গিয়েছিল। তিনি নির্বাচনী প্রচারণার সময়ও বিজয়কে সমর্থন করেছিলেন। উল্লেখ্য যে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু ভেত্রি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য তাদের ১১৮টি আসনের প্রয়োজন ছিল। ফলে, প্রায় এক সপ্তাহ ধরে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা ছিল। পরে, টিভিকে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে ১২০টি আসনে একটি জোট সরকার গঠন করে।

Description of image