লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ
তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর একদিন পর দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছে। এদিকে, লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে এবং হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় হোয়াইট হাউসে ইসরায়েলি ও লেবাননি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন। লেবানন ও ইসরায়েলি সরকারের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি আগামীকাল রবিবার শেষ হওয়ার কথা ছিল।
যদিও এই যুদ্ধবিরতি লড়াই উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল সেখানে একটি স্ব-ঘোষিত ‘বাফার জোনে’ সৈন্য মোতায়েন করেছে। এই প্রসঙ্গে হিজবুল্লাহর এমপি আলি ফায়াদ বলেন, “ইসরায়েল ক্রমাগত হত্যা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণের মতো বৈরী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে—এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যত অর্থহীন।”
তিনি আরও বলেন, “দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরগুলোর ধ্বংসযজ্ঞও এই বাস্তবতাকে স্পষ্ট করে তুলেছে।” আলি ফায়াদ বলেন, “ইসরায়েলের প্রতিটি হামলা প্রতিরোধ বাহিনীকে আনুপাতিকভাবে জবাব দেওয়ার অধিকার দেয়।” উল্লেখ্য যে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির কোনো আনুষ্ঠানিক পক্ষ নয় এবং লেবানন সরকারের ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগের তীব্র বিরোধিতা করেছে।

