দুই দশক পর গাজায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে

Untitled design (16)

প্রায় দুই দশক পর গাজার দেইর আল-বালাহ শহরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সহিংসতা ও অবরোধের বাস্তবতা সত্ত্বেও, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ এই অঞ্চলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
২০০৬ সালের পর এই প্রথম ইসরায়েলি স্থলবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকা শহরটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। হামাস এই নির্বাচনে অংশ নিচ্ছে না এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থনও জানায়নি। তবে, হামাসপন্থী কিছু প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য যে, প্রায় ২০ বছর আগে গাজায় অনুষ্ঠিত সর্বশেষ আইনসভা নির্বাচনে হামাস জয়লাভ করেছিল।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই নির্বাচন নিয়ে আগ্রহ লক্ষণীয়। ৩৪ বছর বয়সী আদহাম আল-বার্দিনি বলেন, “আমার জীবনে এই প্রথম আমি এমন অনুভূতি পাচ্ছি।” জন্ম থেকেই আমি নির্বাচনের কথা শুনে আসছি, কিন্তু পরিস্থিতির কারণে নির্বাচনের আমেজটা কখনো পাইনি। তবে এখন যেহেতু সুযোগ এসেছে, আমরা তা হারাতে চাই না, তাই আমরা নির্বাচনে অংশ নিতে চাই।
একই সাথে, নির্বাচন নিয়ে তরুণদের মধ্যেও উত্তেজনা রয়েছে। ২৫ বছর বয়সী আব্দুল-রহমান আল-শাফ বলেন, “দুই বছরের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর সবাই দেশকে পুনর্গঠন করতে চায়। এ কারণেই এই নির্বাচনে অংশ নিতে সবাই আগ্রহী।” বিশ্লেষকদের মতে, চলমান সংকট সত্ত্বেও এই নির্বাচন গাজার রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন গতি আনতে পারে, যদিও তারা মনে করেন যে সামগ্রিক পরিস্থিতির উন্নতির জন্য আরও বড় আকারের পরিবর্তন প্রয়োজন।

Description of image