সংসদে শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবি এমপি কালামের
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জ খেয়াঘাট ও নবিগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সেতু নির্মাণের দাবি জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সে সময় কালাম বলেন, আমার নারায়ণগঞ্জ-৫ আসনটি শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম তীর নিয়ে গঠিত। যেহেতু মূল শহরটি নদীর পশ্চিম দিকে, তাই এই এলাকার পাঁচটি খেয়াঘাট দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ দৈনন্দিন কাজের জন্য শহরে ও ঢাকায় যাতায়াত করেন। সে সময় প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।
তিনি আরও বলেন, আমাদের এলাকার জনগণের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া হাজিগঞ্জ খেয়াঘাট অংশে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেন এবং ২০০৬ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, “পূর্ববর্তী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাদের হীনমন্যতার কারণে আজ পর্যন্ত প্রকল্পটি স্থগিত রেখেছে। আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”

