যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু করতে ইসরায়েল প্রস্তুত: নেতানিয়াহু

Untitled design (3)

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাঝে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত। ট্রিগারে আমাদের আঙুল রয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি ইরানকে সতর্ক করেন। নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ছয় সপ্তাহের যুদ্ধে দেশটির ভিত্তি নড়ে গেছে এবং ইসরায়েল এখন আগের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলের এখনও কিছু লক্ষ্য অর্জন করা বাকি আছে। এর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে অপসারণ করা, যা অবশ্যই একটি চুক্তির মাধ্যমে বা শক্তি প্রয়োগের মাধ্যমে করতে হবে এবং প্রয়োজনে আবার যুদ্ধ শুরু করা হবে।
নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতির অর্থ এই নয় যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়ে গেছে। তিনি বলেন, ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের পর দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় ইরান আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হবে।
এদিকে, তিনি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে উত্তরে নিরাপত্তা পুনরুদ্ধারে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ।

Description of image