বিসিবির নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তরের সভাপতি ও সহকারী মহাসচিব এড. এহসানুল মাহবুব জুবায়ের সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে দলীয় সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি আজ বুধবার (৮ এপ্রিল), একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে দলীয় সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা একটি ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এটি গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থী। সংসদীয় গণতন্ত্রে, নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে দলীয় সদস্যদের দ্বারা অ্যাডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন যে, এ ধরনের পদক্ষেপ শুধু দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই সমুন্নত রাখতে হবে। আমি সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে অ্যাডহক কমিটি বাতিল করতে, নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন করতে এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

