নাটোরে তীব্র জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ সারি
নাটোরের তীব্র জ্বালানি সংকট কমছে না। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে প্রখর রোদ ও তাপ উপেক্ষা করে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ অকটেন ও পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
শহর ও উপজেলার বিভিন্ন পাম্পে দেখা গেছে, জ্বালানির জন্য যানবাহনের দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেক ফিলিং স্টেশন গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে ‘রেশনিং’ পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে। এদিকে, ডিজেল সংকটে কৃষকরাও সমস্যায় পড়েছেন; সেচের কাজ ব্যাহত হওয়ায় তারা আসন্ন ফসল নিয়ে চিন্তিত।
আর জ্বালানির এই হাহাকারের কারণে পাম্পে প্রায় প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটছে। গতকাল সোমবার, নাটোরের গুরুদাসপুরের ‘চলানবিল ফিলিং স্টেশন’-এ বোতলে পেট্রোল কেনা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। লাইনে দাঁড়ানো এবং জ্বালানির পরিমাণ নিয়ে মারামারি এখন একটি নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে।
গ্রাহকরা জানিয়েছেন, অপর্যাপ্ত সরবরাহের কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

