লক্ষ্মীপুর: ১৪৪ ধারা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত

Untitled_design_-_2026-04-06T154316.859_1200x630

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিবাদ মিছিল চলাকালে ১৪৪ ধারা লঙ্ঘন করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
ঘটনাটি গতকাল রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে ঘটে। এই ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ অন্তত ১০ জন আহত হন।
জানা গেছে, গত শনিবার (৪ এপ্রিল) রাতে শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে তর্কাতর্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে উভয় পক্ষ আজ বিকেলে চকবাজার এলাকায় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কর্মীরা ১৪৪ ধারা অমান্য করে একটি মিছিল বের করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একই সময়ে ছাত্রদলের নেতা ও কর্মীরাও ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে মিছিল করেন। অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনাটি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Description of image