গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের নতুন যাত্রা শুরু হয়েছে
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের নতুন যাত্রা শুরু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের জন্য আরও রক্ত ঝরাতে হলে তারা প্রস্তুত। তবে এ দেশের মাটিতে ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া হবে না। ড. শফিকুর রহমানের মতে, যেদিন গণভোটের রায় প্রত্যাখ্যান করা হয়েছে, সেদিন থেকেই দেশে ফ্যাসিবাদের নতুন যাত্রা শুরু হয়েছে। সংসদ তা মানুক বা না মানুক, তারা ১১-দলীয় জোটের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করবে। বিরোধীদলীয় নেতা বলেছেন যে, এই আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চলবে।

