যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো ‘পূর্বের অবস্থায়’ ফিরবে না: ইরান

Untitled_design_91_1200x630

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, হরমুজ প্রণালী আর কখনো তার পূর্বের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। গতকাল রবিবার (৫ এপ্রিল) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবে শেষ হয়ে গেছে।
এতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানি কর্মকর্তাদের ভাষায় একটি ‘নতুন ব্যবস্থা’ বাস্তবায়নের সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারা। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের সংসদে একটি খসড়া আইন উত্থাপন করা হয়েছে, যেখানে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট ফি আরোপ, মার্কিন ও ইসরায়েলি জাহাজের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর প্রবেশাধিকার সীমিত করার প্রস্তাব করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই প্রস্তাবে ইরানের নিজস্ব মুদ্রায় ট্রানজিট ফি প্রদানের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হবে।

Description of image